নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সারা দেশে অনুষ্ঠিত হবে। এ বছর বিশ্ববিদ্যালয়টির চার লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন চার লাখ ৫৩ হাজার ১৪৮ জন।
গতকাল শুক্রবার রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট চার লাখ ৭৫ হাজার ৪৩২ জন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছিলেন। যার মধ্যে আবেদন নিশ্চয়ন করেছেন চার লাখ ৫৩ হাজার ১৪৮ জন। এ ছাড়াও ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রবেশপত্র ইস্যু করা হয়েছে মোট চার লাখ ৩৩ হাজার ৫১৯ জন পরীক্ষার্থীর।
সারা দেশে মোট ৮৮০টি কলেজে (৩৭৫টি সরকারি ও ৫০৫টি বেসরকারি) চার লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে এই ভর্তিযুদ্ধ অনুষ্ঠিত হবে। সরকারি কলেজগুলোর দুই লাখ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা তিন লাখ ৯৪ হাজার ২২৯ জন এবং বেসরকারি কলেজের এক লাখ ৮২ লাখ ৩৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৮ হাজার ১১৯ জন শিক্ষার্থী।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে মোট ১৩৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে ঢাকা মহানগরে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, চট্টগ্রামে ২৩টি, খুলনায় ১৮টি, রাজশাহীতে ১৭টি, রংপুরে ১৩টি, বরিশালে ১০টি, সিলেটে ৯টি এবং ময়মনসিংহে তিনটি কেন্দ্র রয়েছে।
প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, এবারের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় মানবিক ইউনিটের জন্য প্রশ্নপত্রের অ ও ই সেট, বিজ্ঞান ইউনিটের জন্য ঈ ও উ সেট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য ঊ ও ঋ সেট নির্ধারিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা প্রদান করেছে।



