রয়টার্স
ইউরোপে ন্যাটো সামরিক জোটের কয়েকটি প্রধান কমান্ড সেন্টারে মোতায়েন সেনা সংখ্যা হ্রাস করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র, বিষয়টি সম্পর্কে জানেন এমন তিনটি সূত্র চলতি সপ্তাহে রয়টার্সকে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ সামরিক জোটটি নিয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতির বিষয়ে ইউরোপের উদ্বেগ আরো তীব্র করবে বলে ধারণা পর্যবেক্ষকদের। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই সূত্রগুলো জানিয়েছে, এই পদক্ষেপের অংশ হিসেবে ন্যাটো জোটের সামরিক ও গোয়েন্দাবিষয়ক পরিকল্পনা ও সেগুলো তত্ত্বাবধান করার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ২০০টি পদ বাদ দেবে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসন কিছু ইউরোপীয় দেশের সাথে কথা বলেছে।
তারা আরো জানান, এ পদক্ষেপের কারণে যে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে সেগুলো হল, ব্রিটেনভিত্তিক ন্যাটো ইন্টেলিজেন্স ফিউশন সেন্টার, ব্রাসেলসের অ্যালাইড স্পেশাল অপারেশন্স ফোর্সেস কমান্ড ও পর্তুগালভিত্তিক সামুদ্রিক অভিযান দেখভালকারী ‘স্ট্রাইকফরনেটো’। এ তালিকায় ন্যাটোর একই ধরনের আরো কয়েকটি প্রতিষ্ঠান আছে।



