খুলনা ব্যুরো
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গত শনিবার খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রকল্পের প্রধান সড়ক, চারটি স্লুইসগেট, প্রকল্প এলাকার মানচিত্র এবং রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন সেতুর কাজ সরেজমিন ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে খুলনা সার্কিট হাউজে শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (তৃতীয় সংশোধিত) প্রকল্পের বাস্তবায়নসংক্রান্ত এক সভায় যোগ দেন মন্ত্রিপরিষদ সচিব। এর আগে তিনি সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা প্রমুখ উপস্থিত ছিলেন।



