উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করুন, আপনাদের মনে রাখতে হবে আপনারা ক্ষমতায় বসেন নাই, বাংলার জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ করুন, কোন দলের প্রত্যাশা পূরণ করা আপনাদের দায়িত্ব না। নির্বাচন আর গণভোট একসাথে চলতে পারে না।
শনিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আয়োজনে সলঙ্গা ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে কলঙ্কিত করেছে তাদের ধিক্কার জানাই। ৫ আগস্টের পর একটা দল নিজেদের দেশের মালিক মনে করেছে। যার কারণে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাসস্ট্যান্ড, বালুমহাল দখল করেছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। এমনকি পাথর লুটপাট করে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করেছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ডাকসু, চাকসু, জাকসু, রাকসু’র মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচিত করবে। জামায়াতে ইসলামীর পক্ষে গণ-জোয়ার তৈরি হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তুলব। দুর্নীতি বন্ধ করতে পারলে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রায়গঞ্জ-তারাশ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি মো: আব্দুল আজিজ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের সাবেক আমির হোসাইন আলী, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মো: রাকিবুল হাসান প্রমুখ।



