দুই জেলায় নিহত ২

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় যশোর ও মৌলভীবাজারে দু’জন নিহত হয়েছেন।

যশোর অফিস জানায়, যশোর-নড়াইল মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দায়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুরাদ হোসেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কুবাদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুরাদ হোসেন বাইসাইকেল নিয়ে দায়তলা মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় যশোর থেকে ছেড়ে যাওয়া নড়াইল অভিমুখী একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের ছেলে রাসেল জানান, সোমবার সকালে তার পিতা অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দায়তলা মোড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে নিহত হন।

দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা বাসটির চালক রায়হানকে (২৫) আটক করে মারধর করে। পরে তাকে তুলারামপুর হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত অবস্থায় পুলিশ তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বাসচালক রায়হান বাঘারপাড়া উপজেলার দিয়াপাড়া গ্রামের ইউনুস গাজীর ছেলে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের চাপায় দুর্জয় শব্দকর (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে কমলগঞ্জ মুন্সিবাজার সড়কের ঠাকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুর্জয় শব্দকর কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুরান্দপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্জয় শব্দকর ঠাকুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে কমলগঞ্জ থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।