এনডিটিভি
রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও জাতীয় নিরাপত্তা সুসংহত করতে ভারতের পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালুর পাশাপাশি জোরপূর্বক ধর্মান্তরকরণ ও ‘লাভ জিহাদ’ রুখতে কঠোর আইন আনা হবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল শুক্রবার (২৬ জুন) কলকাতার রবীন্দ্র সদনে ঐতিহাসিক ‘বন্দে মাতরম’ সঙ্গীতের সার্ধশতবার্ষিকী (১৫০ বছর) উপলক্ষে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি এই বিশেষ বার্তা দেন।
অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী অভিযোগ তুলে বলেন, রাজ্যে অনিয়ন্ত্রিত অনুপ্রবেশের ফলে জনমিতিক ভারসাম্য বদলে যাচ্ছে, যা সামগ্রিক সামাজিক কাঠামো ও দেশের সুরক্ষার জন্য এক বড় হুমকি। রামকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই পবিত্র পুণ্যভূমিতে কোনো ধরনের দেশবিরোধী অপতৎপরতা বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি জনগণকে কিছুটা সময় দেয়ার আহ্বান জানান।



