লালমোহন (ভোলা) সংবাদদাতা
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সরেজমিন দেখতে আকস্মিক পরিদর্শন করেন।
গতকাল রোববার সকালে পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসা, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারে খোঁজ নেন। রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সুযোগ-সুবিধা নিয়ে কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না তা জানারও চেষ্টা করেন তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসাসেবাকে আরো জনবান্ধব, স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবু তাহলা ছাদীসহ সব চিকিৎসক ও নার্সকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান আরো উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ মানুষ যাতে উপজেলা পর্যায়েই স্বাচ্ছন্দ্য, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত চিকিৎসাসেবা নিতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন এবং প্রত্যেক রোগী যথাযথ চিকিৎসাসেবা পান- এ বিষয়টি নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।



