তিতাসে থানা গেটে বাদির ওপর হামলা

Printed Edition

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার তিতাস থানার ফটকে বাদিপক্ষের ওপর হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন শাহ আলম, রুবেল ও ফাহিম। আটক ব্যক্তিরা হলেন তাহের আলী, ফাহিম ও সাগর।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা শাহ আলমের সঙ্গে ভাতিজা তাহের আলীর বিরোধ চলছিল। এ ঘটনায় আহত শাহ আলম চিকিৎসা শেষে বুধবার থানায় এসে লিখিত অভিযোগ দেন। থানায় অভিযোগ দেয়ার পর বাড়ি ফেরার পথে গৌরীপুর-হোমনা সড়কে প্রতিপক্ষের লোকজন তাদের ধাওয়া করে। নিরাপত্তার জন্য শাহ আলম ও তার সঙ্গীরা আবার থানার দিকে ফিরে আসেন। এ সময় অভিযুক্তরা তাদের পিছু নিয়ে থানার ফটকের সামনে তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে।

শাহ আলম বলেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও পুরোনো বিরোধের জেরে আবারও তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, থানার ফটকে হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।