ফিড মিলের দূষণ নিয়ে প্রতিবাদ করায় কৃষক আটক

Printed Edition

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর রায়পুরায় ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় এক কৃষককে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে কয়েক ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার ধুকুন্দি-চারাবাগ এলাকায় মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা।

তাদের অভিযোগ, পুষ্টিরাজ ও আরমান ফিড মিল দীর্ঘদিন ধরে পরিবেশের তোয়াক্কা না করেই মাছ ও মুরগির খাদ্য উৎপাদন করে আসছে। মিল দু’টির বর্জ্য পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় আশপাশের কৃষিজমিতে পানি জমে চাষাবাদ ব্যাহত হচ্ছে। বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।