নয়া দিগন্ত ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই অভ্যুত্থানের চেতনায় একটি নতুন বাংলাদেশ গড়তে দেশের জনশক্তিকে মানবসম্পদে রূপান্তরিত করতে হবে। নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়ন নির্ভর করছে বিদ্যমান জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর, যা ভবিষ্যৎ উন্নয়নের মূল চালিকাশক্তি।
তিনি গতকাল ‘দক্ষ জনশক্তি-রাষ্ট্র নির্মাণের ভিত্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে পাবলিক ইঞ্জিনিয়ারিং ডে ও প্রতিষ্ঠানের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে।
আইডিইবির আহ্বায়ক কবির হোসেনের সভাপতিত্বে এবং মহাসচিব কাজী শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমীর খসরু আরো বলেন, প্রযুক্তি ও যোগ্যতাভিত্তিক উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) যুগে বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। আমরা যদি সেই স্তরে পৌঁছাতে চাই, তবে আমাদের প্রযুক্তিনির্ভর দেশ গড়তে হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বেকারদের জন্য এক কোটি কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়ন করবে’- এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়। প্রয়োজনীয় গবেষণা ও প্রস্তুতির পর আমরা এই পরিকল্পনা ঘোষণা করেছি। এই কর্মসংস্থান কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্প, তথ্যপ্রযুক্তি, ব্যবসা এবং অন্যান্য খাতে সৃষ্টি করা হবে।
আমরা শেখ হাসিনার মতো মেগা প্রকল্প হাতে নেবো না; বরং দেশের সর্বত্র উল্লিখিত খাতগুলোতে বিনিয়োগ করা হবে।



