বরিশালে যাকাত বিষয়ক সেমিনার

Printed Edition
বরিশালে সিজেডএমের যাকাত বিষয়ক সেমিনারে বক্তারা :  নয়া দিগন্ত
বরিশালে সিজেডএমের যাকাত বিষয়ক সেমিনারে বক্তারা : নয়া দিগন্ত

বরিশাল ব্যুরো

বরিশাল নগরীর বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) ক্লাবে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে যাকাত আদায়ের নিয়মকানুন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত এ সেমিনারে যাকাত ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিকীকরণ, যাকাতের ধর্মীয় তাৎপর্য, যাকাতের অর্থ সহায়তার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা কার্যক্রম, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, কারিগরি প্রশিক্ষণসহ সিজেডএমের বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোকপাত করা হয়।

সিজেডএমের এজিএম সহিদুল হাসানের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মো: মামুন-উর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ এডভাইজর ও এটিএন বাংলার ইসলামী বক্তা মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। উপস্থিত ছিলেন লেখক ও প্রাবন্ধিক তারিক মাহমুদ ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের সিনিয়র জেনারেল ম্যানেজার মো: মহসিন রেজা।

সভায় বক্তারা বলেন, যাকাতের মূল লক্ষ্য হচ্ছে গ্রহীতাকে আর্থিকভাবে সচ্ছল করে তোলা, যাতে আজকের গ্রহীতা আগামীতে যাকাত দিতে পারে, স্বাবলম্বী হতে পারে। মানুষের ভাগ্য পরিবর্তনে শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় যাকাতের বিকল্প নেই। দেশে আল্লাহর নির্দেশিত বাধ্যতামূলক এ ইবাদতটি সঠিকভাবে প্রতিপালন হচ্ছে না। ফলে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি বাড়ছে বৈষম্য। ব্যক্তিগত ব্যবস্থাপনায় যাকাত দিয়ে সমাজের দরিদ্রবঞ্চিত মানুষের উন্নয়নে বিশেষ কোনো পরিবর্তন রাখাও সম্ভব হচ্ছে না।

বক্তারা বলেন, সিজেডএম যাকাত তহবিল সংগ্রহ করে তা বঞ্চিত মানুষের প্রয়োজনে প্রাতিষ্ঠানিকভাবে বিতরণ ও তত্ত্বাবধান করার কাজটি সুচারুরূপে করে যাচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও স্বাবলম্বী করার জন্য মূলধন হস্তান্তরসহ নানাবিধ কর্মসূচির আওতায় ইতোমধ্যে প্রায় ১৮ লাখ মানুষ সহায়তা পেয়েছে। সিজেডএমের কর্মসূচিতে রয়েছে জীবিকা বা আয়বর্ধক কর্মসূচি, প্রাক-প্রাথমিক স্বাস্থ্যসেবা, ইনসানিয়াত বা জরুরি সহায়তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও প্রাক-প্রাথমিক গুলবাগিচা শিক্ষাকেন্দ্র, বেকার যুবক-যুব মহিলাদের কারিগরি প্রশিক্ষণ প্রদান ও দাওয়াহ প্রভৃতি।