ফ্যাসিবাদবিরোধী ঐক্যে দেশী-বিদেশী চক্র ভাঙনের অপচেষ্টা করছে। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ও বিরোধীদলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা রয়েছে। জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেয়া যাবে না। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে কোনো অপশক্তির বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার সক্ষমতা নেই। অভ্যুত্থানে নিহত শহীদ গোলাম নাফিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে গতকাল ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এসব কথা বলেন। শ্রদ্ধা নিবেদন শেষে হাসান আহমেদ চৌধুরী কিরণ শহীদ নাফিজের সমাধি স্থলে একটি গাছের চারা রোপণ করেন। এ ছাড়াও তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে আরো উপস্থিত ছিলেন শহীদ নাফিজের বাবা মো: গোলাম রহমান, মা নাজমা আক্তার নাসিমা এবং বড় ভাই মো: গোলাম রাসেল। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় মসজিদ-মাদরাসার ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



