চাকরি ও বিনিয়োগের প্রলোভনে প্রতারণা ৫ চীনা নাগরিকসহ গ্রেফতার ৮

অপারেশন ডেভিলহান্টে রাজধানীতে গ্রেফতার ৫৩

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরা ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক টেলিগ্রাম প্রতারক চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ২৫১টি সিমকার্ড ছাড়াও ২১টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস, ৫১টি মোবাইল ফোন, ৭টি ল্যাপটপ এবং ২টি সিপিইউ উদ্ধার করা হয়। গতকাল দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এসব তথ্য জানান।

গ্রেফতাররা হলেন চীনা নাগরিক চেন লিং ফেং, জেং কং, জেং চাংকিয়াং, ওয়েন জিয়ান কিউ ও হুয়াং ঝেং জিয়াং। তাদের বাংলাদেশী সহযোগীরা হলেন মো: জাকারিয়া (২৬), নিয়াজ মাসুম (২০) ও কামরুল হাসান ওরফে হাসান জয় (৩৮)।

ডিসি হাসান মোহাম্মদ জানান, ডিবি সাইবার বিভাগের একটি টিম অনলাইনে চাকরির নামে প্রতারণা এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার কয়েকটি অভিযোগ তদন্ত করতে গিয়ে এ চক্রের সন্ধান পায়। গত ৭ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাসুম ও হাসান জয়কে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার উত্তরায় অভিযান চালিয়ে পাঁচ বিদেশী নাগরিকসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।

ডিবি সাইবারসূত্র জানায়, এ চক্রটি মূলত তিনটি কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত অনলাইনে আকর্ষণীয় বেতনে ঘরে বসে চাকরির প্রলোভন; অধিক মুনাফায় বিনিয়োগের অফার দিয়ে ক্রিপ্টোকারেন্সি বা ফেক অ্যাপে টাকা জমা নেয়া এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সস্তায় সরবরাহের চটকদার বিজ্ঞাপন দিয়ে অর্থ আত্মসাৎ। বিপুল পরিমাণ সিম ব্যবহার করে তারা পরিচয় গোপন রেখে হাজার হাজার মানুষের সাথে প্রতারণা চালিয়ে আসছিলেন।

অপারেশন ডেভিলহান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩ : অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২ এর আওতায় রাজধানীতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, বনানী, কলাবাগান, রূপনগর ও হাতিরঝিল থানার পুলিশ। ডিএমপি জানায়, গতকাল রূপনগর এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়। একই দিনে হাতিরঝিল এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

অন্য দিকে সোমবার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে ১০০ কেজি গাঁজা পাওয়া যায়। বনানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। কলাবাগান এলাকা থেকে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

১০ হাজার পিস ইয়াবা, প্রাইভেটকারসহ গ্রেফতার ২ : রাজধানীর পল্টন এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। তারা হলেন মো: বিল্লাল হোসেন (৪৫) ও মো: আল আমিন (২৮)। গ্রেফতাররা সঙ্ঘবদ্ধ মাদককারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করত। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় গ্রেফতার বিল্লালের বিরুদ্ধে মাদক আইনে তিনটি ও আল আমিনের বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে।

মাদক, ২টি মোটরসাইকেলসহ ৩ মাদককারবারি গ্রেফতার : রাজধানীর মগবাজার রেল ক্রসিং এলাকা থেকে ৭০ বোতল এককোফ সিরাপ ও দুটি মোটরসাইকেলসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান বিভাগ। তারা হলেন মো: রবিউল ইসলাম (৪৬), মো: পারভেজ হোসেন (২২) ও মো: অমিত ভূঁইয়া (২৬)।

৫ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাকসহ গ্রেফতার ১ : যাত্রাবাড়ী এলাকা হতে পাঁচ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাকসহ মো: সোনা মিয়া (৩৩) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। সোমবার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।