দূতাবাসের বিবৃতি

ইতালির বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে নারীর ছবি ভুয়া

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ইতালির বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের সাথে জনৈক নারীর সাক্ষাৎ এবং ছবি তোলার ঘটনাটি নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই নারী বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সামগ্রিক বিষয় নিয়ে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ ও ছবি তোলার দাবি করলেও দূতাবাস থেকে সেটিকে ‘ভুয়া খবর’ বলে উল্লেখ করা হয়েছে। একই সাথে এ ধরনের প্ররোচনায় বিভ্রান্ত না হতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

গত ১১ জুলাই রোমের বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ফেসবুক পেজে প্রবাসীদের উদ্দেশ্য একটি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, প্রুসাকোভা নামের জনৈক নারী গত ৮ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিষয়ে রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং দূতাবাসে তাদের মধ্যে হওয়া বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন।

ওই নারী তার পোস্টে লেখেন, ‘আজ ইতালিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে মাননীয় রাষ্ট্রদূতের সাথে এক সৌজন্য সাক্ষাতের সুযোগ হয়। সাক্ষাৎকালে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বিশেষ করে ইতালিতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশীদের বর্তমান পরিস্থিতি, তাদের নিয়ে সম্ভাব্য সমাধানের পথ, ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক পর্যায়ে কিভাবে গঠনমূলক আলোচনা ও সম্বন্বয় জোরদার করা যায় এসব বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পরিশেষে তিনি লেখেন, বাংলাদেশ এবং ইতালির পারস্পরিক সহযোগিতা, আস্থা, বন্ধুত্ব আরো শক্তিশালী হবে।

তবে এমন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে লেখাটিকে ফেক নিউজ বলে উল্লেখ করা হয়। দূতাবাসের পোস্টে রাষ্ট্রদূতের সাথে ওই নারীর তোলা ফুল সাইজের একটি বড় এবং পাশে তিনটি ছোট সাইজের বৈঠকে অংশ নেয়ার ছবিগুলোকে সম্পূর্ণ ফেক বলে দাবি করা হয়েছে। এ প্রসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশ দূতাবাস রোমের পক্ষ থেকে সবাইকে জানানো যাচ্ছে যে, গত ৮ জুলাই রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে মর্মে উল্লেখকৃত পোস্ট এবং ছবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। দূতাবাস এ ধরনের অসত্য প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য ইতালি প্রবাসীদের অনুরোধ করছে।