ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলায় একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর মোছা: তুলী বেগম (২৯) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ক্লিনিকের অবহেলার অভিযোগ তুলেছে তার পরিবার। নিহত তুলী বেগম উপজেলার টেপাখরিবাড়ী ইউনিয়নের এমদাদুল হকের স্ত্রী।
পরিবারের অভিযোগ, গত ২২ জুন ডিমলার মেডিনোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তুলীর সিজারিয়ান অপারেশন করা হয়। প্রথমে মা ও নবজাতকের অবস্থা ভালো থাকলেও পরদিন থেকে তার পেট ফুলে যায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিষয়টি বারবার ক্লিনিক কর্তৃপক্ষকে জানানো হলেও তারা এটিকে স্বাভাবিক বলে আশ্বস্ত করেন এবং উন্নত চিকিৎসার জন্য রেফার করেননি বলে অভিযোগ।
পরে ২৫ জুন পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। অভিযোগের বিষয়ে মেডিনোভা ক্লিনিকের মালিক ও ব্যবস্থাপক কোনো মন্তব্য করতে রাজি হননি।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রাশেদুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



