বাংলাদেশের কোচ হতে ২৫০ জনের আবেদন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

জুনের ফিফা উইন্ডো। এই উইন্ডোর আগেই নতুন কোচ নিয়োগ দেবে বাফুফে। এ জন্য ৯ এপ্রিল বাফুফে তাদের ফেসবুকে কোচ চেয়ে বিজ্ঞাপন দেয়। ফিফা র‌্যাংকিংয়ে ১৮১তে আছে বাংলাদেশ। নেই বড় কোনো সাফল্য। অথচ গতকাল পর্যন্ত জামাল ভূঁইয়া- হামজা চৌধুরীদের কোচ হওয়ার জন্য আড়াই শ’ কোচ আবেদন করেছে, যা একটি রেকর্ড। এই তালিকায় রয়েছেন জার্মানি, ক্রোয়েশিয়া, মন্টিনেগ্রো, রোমানিয়া ও ফরাসি কোচ। বর্তমান জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরারও ফের আবেদন করেছেন। সেখান থেকে ৫০ জনের একটি তালিকা করবে বাফুফে। বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আওয়াল তাদের সাথে কথা বলে চূড়ান্ত করবেন বাংলাদেশ দলের পরবর্তী কোচ।

৫ জুন ইউরোপিয়ান দেশ সানমেরিানোর সাথে বাংলাদেশের পরবর্তী ফিফা প্রীতি ম্যাচ। এর আগেই বাফুফে কোচ নিয়োগ চূড়ান্ত করবে। আর ৩০ এপ্রিল পর্যন্ত কোচরা তাদের বায়োডাটা জমা দিয়ে আবেদন করতে পারবেন। বর্তমান কোচ কাবরেরার সাথে বাফুফের মেয়াদ শেষ হচ্ছে ৩০ এপ্রিল। ফলে নতুন কোচের তাগিদ। আজ হামজা চৌধুরী বাংলাদেশ দলে খেলার ফলে দেশের ফুটবলে যে জাগরণ শুরু হয়েছে, আন্তর্জাতিক মহলে যে আলোচনা এর প্রভাবেই এত বিদেশী কোচের বাফুফেতে সিভি জমা দেয়া।

এই তালিকায় যারা বাংলাদেশের ফুটবলের সাথে পরিচিত তাদের একজন হলেন ক্রোয়েশিয়ান কোচ পিটার সেগার্ড। ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ ফুটবলে মালদ্বীপকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি। এর আগে ২০১৫ কেরালা সাফে রানার্সআপ আফগানিস্তানের কোচ ছিলেন। পরে তিনি তাজিকিস্তান দলের কোচ হন। তার অভিজ্ঞতা আছে জর্জিয়া জাতীয় দলের হয়ে কাজ করারও। ২০২১ সালে ইংলিশ কোচ জেমি ডে’র বিদায়ের পর থেকেই সেগার্ড লাল-সবুজদের কোচ হওয়ার জন্য চেষ্টা করছেন। কাবরেরার আগেই তার বাংলাদেশ দলের কোচ হওয়ার সম্ভাবনা ছিল। তবে বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির বাধায় তার আসা হয়নি। ভারতকে দুইবার সাফ শিরোপা এনে দেয়া ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচও জমা দিয়েছেন জীবনবৃত্তান্ত। এ ছাড়া গাম্বিয়া, লাইবেরিয়া, কেনিয়া ও মিয়ারমার জাতীয় দলে কাজ করা জার্মানির আন্টেইন হে, লেবানন জাতীয় দলের সাবেক কোচ মন্টিনেগ্রোর রাদলোভিচও আছেন বাফুফের কোচ হওয়ার দৌড়ে। বসুন্ধরা কিংসে কাজ করা রোমানিয়ার ভ্যালেরিও তিতাও আছেন এই তালিকায়। স্থানীয়দের মধ্যে জুলফিকার মাহমুদ মিন্টুও আবেদন করেছেন। বাফুফে সর্বোচ্চ ১৫ হাজার ডলার বেতন দেবেন জাতীয় দলের কোচকে।