খুলনা ব্যুরো
বর্ণাঢ্য আয়োজনে গতকাল খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দিবস উদযাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষাকার্যক্রমের ৩৪ বছর পূর্ণ করে ৩৫ বছরে পদার্পণ করল।
দিবসটি উপলক্ষে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক শহীদ মীর মুগ্ধ তোরণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দ্বিতীয় ফটক ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি প্রফেসর ড. মো: গোলাম রহমানের নেতৃত্বে বর্তমান ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম, প্রোভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী এবং বিভিন্ন স্কুলের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকরা অংশ নেন।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, আবু তৈয়ব মুন্সি, এহতেশামুল হক শাওন, এস এম হাবিব, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফউজ্জামান, মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি প্রফেসর ড. গোলাম রহমান।
ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: নাজমুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। আলোচনা সভায় সমাপনী বক্তব্য রাখেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: ইমদাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন দিবস উদযাপন কমিটির সদস্যসচিব ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো: নাজমুস সাদাত।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা দেয়া হয়। এ ছাড়াও খুবি শিক্ষকদের মধ্য থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ভিসি, প্রোভিসি এবং ট্রেজারারদের সম্মাননা স্মারক দেয়া হয়। পরে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। অদম্য বাংলা প্লাজায় বিভিন্ন বিভাগ/ডিসিপ্লিনের গত বছরের অর্জন ও আগামী বছরের পরিকল্পনা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে উপস্থাপন করা হয়।
এ ছাড়াও বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে।



