প্রাণীর প্রতি দয়া ইসলামের শিক্ষা

Printed Edition
প্রাণীর প্রতি দয়া ইসলামের শিক্ষা
প্রাণীর প্রতি দয়া ইসলামের শিক্ষা

রফিকুল ইসলাম

মানুষ সৃষ্ট জীবের সর্বোত্তম সৃষ্টি। মহাবিশ্বের অন্য সব প্রাণীকে মানুষের অনুগত করে দেয়া হয়েছে। সেগুলো দ্বারা মানুষ নিজের প্রয়োজন মেটাবে এবং শক্তি সঞ্চয় করে আল্লাহর ইবাদত করবে। তবে অনুগত পেয়ে কোনো প্রাণীর ওপর জুলুম করা যাবে না। অন্যথায় পরকালে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাকশক্তিহীন এসব প্রাণী এখন যদিও প্রতিবাদ ও প্রতিরোধ করতে পারছে না, তবে পরকালে যখন আল্লাহ তায়ালা তাকে বাকশক্তি দেবেন, তখন তার ওপর চালানো সব জুলুমের হিসাব দিতে হবে।

একবার রাসূলুল্লাহ সা: এমন একটি উটের পাশ দিয়ে যাচ্ছিলেন, অনাহারে যার পেট ও পিঠ একত্র হয়ে গিয়েছিল। তা দেখে রাসূলে করিম সা: বললেন, ‘তোমরা এসব বোবা পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো। এদেরকে দানাপানি দিয়ে সুস্থ-সবল রাখো এবং সুস্থ-সবল পশুর পিঠে আরোহণ করো আর খাওয়ার সময়ও সুস্থ-সবল প্রাণীর গোশত ভক্ষণ করো’ (আবু দাউদ-২৫৪৮)।

এই হাদিস দ্বারা বোঝা যায়, বাকশক্তিহীন এসব প্রাণীর ব্যাপারে আল্লাহকে পূর্ণ ভয় করতে হবে। শুধু নিজের প্রয়োজন মিটিয়ে রেখে দিলেই চলবে না; বরং তার দেখাশোনার পূর্ণ ভার নিজের কাঁধে নিতে হবে। সময়মতো খাবার দিতে হবে। অসুস্থ হলে সেবাযতœ করতে হবে।

অতিরিক্ত বোঝা চাপানো যাবে না। হাঁড়ভাঙা খাটুনিতে লাগানো যাবে না। অযথা মারপিট করা যাবে না। অর্থাৎ- তার হকগুলো পরিপূর্ণ আদায় করে উত্তম চরিত্রের পরিচয় দিতে হবে। অন্যথায় বিচারের কাঠগড়া আমার জন্য অপেক্ষায় আছে।

লেখক : আলেম ও সম্পাদক