আজ সংসদ ভবন এলাকা এড়িয়ে চলার অনুরোধ, চার স্তরের নিরাপত্তা

এমপি-মন্ত্রীদের শপথগ্রহণে ডিএমপি নির্দেশনা

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারে শপথ অনুষ্ঠান ঘিরে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। দায়িত্ব পালন করবেন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির ১৫ হাজার সদস্য। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম্ব ডিস্পোজাল ও কেনাইনের মতো বিশেষায়িত ইউনিট। এ ছাড়া শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
Printed Edition

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারে শপথ অনুষ্ঠান ঘিরে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। দায়িত্ব পালন করবেন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির ১৫ হাজার সদস্য। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম্ব ডিস্পোজাল ও কেনাইনের মতো বিশেষায়িত ইউনিট। এ ছাড়া শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আজ সরকার গঠন করবে বিএনপি। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন এক হাজারের বেশি দেশী-বিদেশী অতিথি। মেগা ইভেন্টের সব প্রস্তুতি শেষ। সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং বিকেলে দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে।

শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় গতকাল দক্ষিণ প্লাজাজুড়ে সুইপিং করেছে বোম্ব ডিস্পোসাল ইউনিট ও ডগ স্কোয়াড। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে অবস্থান করছেন গোয়েন্দারা। সংসদের প্রবেশপথ ও ভেতরে মিলিয়ে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা। এ ছাড়াও স্ট্যান্ডবাই থাকবে বিশেষায়িত সব ইউনিট।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো: নজরুল ইসলাম বলেন, ‘আনা-নেয়া থেকে শুরু করে রুট কেন্দ্রিক এবং সংসদ ভবনের চারপাশে নিরাপত্তাব্যবস্থা থাকবে। প্রোটোকলের জন্য প্রস্তুত রাখা হয়েছে অর্ধশত গাড়ি। এ নিয়ে ডিএমপিতে সভা হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, র‌্যাব, বিজিবি নিয়োজিত থাকবে। নিরাপত্তা সংক্রান্ত কোনো থ্রেট আশঙ্কা করছি না। এটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব বলে আশা করছি।

এ দিকে শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এতে সাময়িক অসুবিধা এড়াতে ট্রাফিক বিভাগ বিকল্প সড়ক ব্যবহার ও ডাইভারশন পরিকল্পনা দিয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে এ ডাইভারশন চলমান রয়েছে।

গতকাল সোমবার বিকেলে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।

ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাতায়াত করবে।

আসাদগেট বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে আসা যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে। মানিক মিয়া এভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে যাতায়াত করবে।

শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালে যানজট/দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প সচল থাকবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সব ধরনের যানবাহন চালকদের মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এড়িয়ে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।