নয়া দিগন্ত ডেস্ক
যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। গতকাল বুধবার সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা ও বিভাগীয় শহরে দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ্য শোভাযাত্রা, সংবর্ধনা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
জয়দেবপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আহত ও সংগ্রামী সবার প্রতি সহমর্মিতা প্রকাশ এবং শোককে শক্তিতে পরিণত করে বিজয়ের চেতনায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমদাদ মুসল্লি, ফজলুল হক মুসল্লিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বেলা ১১টায় শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা: হুমায়ুন কবীর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু প্রমুখ।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় জুলাই অভ্যুত্থান উপলক্ষে ও জুলাইয়ের খুনিদের বিচার ত্বরান্বিত করতে বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাজের মোড়ে গিয়ে শেষ হয়।
মুক্তির মোড় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির আব্দুর রাকিবের সভাপতিত্বে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আসম সায়েম, আমার বাংলাদেশ পার্টির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের নওগাঁ জেলা উপদেষ্টা রেজাউর রহমান টুকু, এল ডি পি নওগাঁ জেলা শাখা সাধারণ সম্পাদক শাহেনশাহ, এনসিপে নওগাঁ জেলা যুগ্ম সদস্য সচিব তৌফিকুল ইসলাম তপু, জাগপা বা নওগাঁ জেলার সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। বেলা ১১টায় মানিকগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার সারওয়ার আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, পল্লী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী অফিস জানান, বিভিন্ন আয়োজনে ফেনীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। শহরের ট্রাংক রোডস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মনিরা হক। পরে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এ এস এম সোহরাব আল হোসাইন এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পরিষদ, জেলা বিএনপি, এনসিপি, এবি পার্টি, ফেনী পৌরসভা, ফেনী সদর উপজেলা পরিষদ, ফেনী সরকারি কলেজ, ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল, সিআইডি, জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিল্পকলা একাডেমি, জেলা খাদ্য অফিস, জেলা সমাজসেবা অফিস, জেলা সমবায় অফিস, কৃষি উন্নয়ন কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি পুষ্পস্তবক অর্পণ করেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশসহ জেলার সব সরকারি দফতরের কর্মকর্তারা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
কুমিল্লা প্রতিনিধি জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ্য র্যালি, সংবর্ধনা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জেলা প্রশাসন। সকালে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
নরসিংদী প্রতিনিধি জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদী পৌর পার্কে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা বিএনপি, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, নরসিংদী প্রেস ক্লাব, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও সদরের এমপি খায়রুল কবির খোকন।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। সকালে ?েজলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সমালোচনা করলে সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে চিৎকার শুরু করেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে হট্টগোলের ঘটনা ঘটে। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অনুষ্ঠান কিছু সময়ের জন্য বিঘিœত হলেও পরে তা স্বাভাবিকভাবে চলতে থাকে।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।
চট্টগ্রাম নিউমার্কেটে কর্মসূচি
চট্টগ্রাম প্রতিনিধি জানান, ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। সকালে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের মহান শহীদদের স্মৃতির প্রতি এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রতিমন্ত্রী শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার দৃঢ অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জনান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
হাবিপ্রবি প্রতিনিধি জানান, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ৯টায় জুলাই গণ-অভ্যুত্থান র্যালি বের করা হয় এবং র্যালিটি জুলাই স্মৃতিস্তম্ভ এসে শেষ হয়।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি দিবসে জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে শহরের ভবানীগঞ্জের মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আসমা শাহিন। একই সাথে জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পণ করেন।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, দোয়ারাবাজারে জুলাই বিপ্লবের দ্বিতীয়বার্ষিকী পালন এবং জুলাই গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বধীন ১১ দলীয় ঐক্য। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মূল ফটক থেকে শুরু হওয়া গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে এক সমাবেশে পরিণত হয়।
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলীয় ঐক্য বাগেরহাটের চিতলমারীতে গণ সমাবেশ করেছে। সকাল সাড়ে ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ গণ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের (চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট) সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, দশমিনায় বাংলাদেশ ইসলামী আন্দোলন গণমিছিল ও সমাবেশের মধ্যে দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বাংলাদেশ ইসলামি আন্দোলন দশমিনা শাখার আয়োজনে সকালে নলখোলা বাসস্ট্যান্ড থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শুরুরস্থালে এসে শেষ হয়। পরে দশমিনা উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও মাওলানা রুহুল আমিন রুহানির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় প্রচার বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখার উদ্যোগে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে প্রতিযোগিতাটি শুরু হয়ে বাইতুল আমীন, মিশন রোড হয়ে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে দৌড় শেষ হয়। ৩ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ এ দৌড় প্রতিযোগিতায় কলেজ শিবিরসহ বিভিন্ন শাখার প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার জীবননগরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।



