ভারতের প্রজাতন্ত্র দিবসে চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছা

আলজাজিরা
Printed Edition

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বেইজিং ও নয়াদিল্লি ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ বিশ্ববাণিজ্যে অস্থিরতা তৈরি করলেও দুই এশীয় পরাশক্তি সম্পর্ক উন্নয়নের পথে রয়েছে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রেসিডেন্ট শি ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন। শি বলেন, গত এক বছরে চীন-ভারত সম্পর্ক আরো উন্নত হয়েছে এবং এটি বিশ্বশান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চার বছর সীমান্ত উত্তেজনা ও অর্থনৈতিক বিধিনিষেধের পর দুই দেশ সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটছে। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। চারজন চীনা সেনার লাশও পাওয়া যায় বলে জানা যায়। সংঘর্ষের পর ভারত চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করে এবং চীনা বিনিয়োগে বিধিনিষেধ আরোপ করে। তবে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য অব্যাহত থাকে এবং বার্ষিক ১৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। গত আগস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে তিয়ানজিনে যান।