নয়া দিগন্ত ডেস্ক
পাবনা ও কক্সবাজারের টেকনাফে পানিতে গোসল করতে গিয়ে পাঁচ শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার পৃথক এ ঘটনায় পাবনায় তিন শিশু এবং টেকনাফে দুই কিশোরের মৃত্যু হয়।
পাবনা প্রতিনিধি জানান, পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। খালিদ ও আফিয়া ভাই-বোন। স্থানীয়রা জানান, দুপুরে তিন শিশু বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে একজন গভীর পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অন্য দু’জনও ডুবে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনজনের মৃত্যু হয়। পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১৩) ও কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১২)।
স্থানীয় সূত্র জানায়, গোসলের একপর্যায়ে তারা নাফ নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় জেলে ও এলাকাবাসী নৌকা নিয়ে তল্লাশি শুরু করেন। পরে কোস্ট গার্ড সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। প্রায় চার ঘণ্টা পর বেলা ২টার দিকে বিজিবি বিওপির সামনে নদীর অংশ থেকে দু’জনকে উদ্ধার করা হয়। আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অচেতন অবস্থায় নিশানকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজীব দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



