কাউখালীতে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

দুর্ভোগে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালী উপজেলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় দিনে ও রাতে পাঁচ থেকে ছয়বার লোডশেডিং হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ।

স্থানীয়রা জানান, দিনের পাশাপাশি সন্ধ্যা ও রাতের বেলাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সামনে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও সাময়িক পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তীব্র গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

এইচএসসি পরীক্ষার্থী মানসুরা আক্তার বলেন, সন্ধ্যায় পড়তে বসলেই বিদ্যুৎ চলে যায়। সামনে পরীক্ষা থাকলেও নিয়মিত পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। প্রচণ্ড গরমে পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে।

অভিভাবক মাহফুজুর রহমান বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো ঘুমাতে পারছে না, আবার পড়াশোনাও ব্যাহত হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।

লোডশেডিংয়ের নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। স্থানীয় ব্যবসায়ী তাইজুল ইসলাম বলেন, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না, ফলে ব্যবসায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

এ দিকে চলমান বিশ্বকাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় খেলাপ্রেমীদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা পল্লী বিদ্যুতের ইনচার্জ কামাল হোসেন বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন সঙ্কটের কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী লোডশেডিং করতে হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।