কাউখালীতে ৪ পশুর হাটের খাজনা মওকুফ

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার চারটি পশুর হাটের ইজারা (খাজনা) মওকুফ করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুরের উদ্যোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামান।

গতকাল সোমবার কাউখালী পশুর হাট ঘুরে দেখা যায়, দেশীয় গরুর সরবরাহ ভালো থাকায় হাটে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। খাজনা মওকুফের কারণে অনেকেই স্বস্তির সাথে পশু কেনাবেচা করছেন।

হাটে গরু কিনতে আসা হাফেজ মাসুম বিল্লাহ বলেন, ‘আগে গরু কিনতে এসে বাড়তি খাজনা দিতে হতো। এবার খাজনা মওকুফ হওয়ায় খরচ কিছুটা কমেছে।’ বিক্রেতা জামাল হোসেন বলেন, ‘অতিরিক্ত খাজনার কারণে অনেক সময় ক্রেতারা হাটে আসতে চাইতেন না। এবার খাজনা না থাকায় হাট জমজমাট হয়েছে। দেশী গরুর চাহিদাও ভালো।’

ইউএনও মো: আসাদুজ্জামান বলেন, সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই উপকৃত হবেন। পাশাপাশি হাটগুলোতে আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।

কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী জানান, পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ জোরদার নজরদারি করছে। জাল টাকা প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) হুমায়ুন রশিদ বলেন, ‘সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করেই চারটি পশুর হাটের ইজারা সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।’