রোমানিয়ার প্রেসিডেন্টের মনোনীত প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের প্রত্যাখ্যান

Printed Edition

এএফপি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ায় কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন ধাক্কা হিসেবে প্রধানমন্ত্রী মনোনীত উদারপন্থী রাজনীতিক আদ্রিয়ান ভেস্তিয়াকে প্রত্যাখ্যান করেছে দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্টের মনোনয়ন পাওয়া ভেস্তিয়ার সরকার গঠনের জন্য পার্লামেন্টের দুই কক্ষ মিলিয়ে ২৩৩ ভোট প্রয়োজন ছিল। তবে সরকারি ভোট গণনা অনুযায়ী তিনি পান মাত্র ১৮৯ ভোট।

ভেস্তিয়ার প্রস্তাবিত মন্ত্রিসভা নিয়ে দিনব্যাপী বিতর্কের পর ভোটাভুটি শুরুর আগেই কয়েকজন আইনপ্রণেতা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। গত মে মাসের শুরুতে উদারপন্থী প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়। এতে মধ্য-বামপন্থী ও কট্টর ডানপন্থী দলের সমর্থন ছিল। এরপর প্রথম মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী সরে দাঁড়ালে রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর দান ১৪ জুন ৫২ বছর বয়সী উদারপন্থী নেতা ভেস্তিয়াকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেন। তবে বোলোজানের নেতৃত্বাধীন ভেস্তিয়ার নিজ দলই তাকে সমর্থন দিতে অস্বীকৃতি জানায়। এমনকি দল থেকে বহিষ্কারের হুমকিও দেয়।

ভেস্তিয়া সাবেক মেয়র ও আঞ্চলিক প্রশাসনের প্রধান ছিলেন। তিনি জাতীয় উন্নয়নমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।