৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতিতে আবগারি শুল্ক নয়

Printed Edition

বিশেষ প্রতিবেদক

নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী ব্যাংকে জমা অর্থের ওপর আবগারি শুল্কের (এক্সাইজ ডিউটি) সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। নতুন প্রস্তাব অনুযায়ী, ব্যাংক হিসাবে চার লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে কোনো আবগারি শুল্ক দিতে হবে না। এর আগে তিন লাখ টাকা পর্যন্ত স্থিতির ওপর এই সুবিধা ছিল। ক্ষুদ্র ও সাধারণ আমানতকারীদের আর্থিক চাপ কমাতে এই সীমা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

বর্তমান নিয়ম অনুযায়ী, ব্যাংকে থাকা আমানত, ঋণ বা অন্য কোনো ধরনের স্থিতির ওপর বছরে একবার আবগারি শুল্ক কেটে সরকারি কোষাগারে জমা দেয় ব্যাংকগুলো। আগে তুলনামূলক কম পরিমাণ অর্থ থাকলেও গ্রাহকদের এই শুল্ক দিতে হতো। নতুন সীমা কার্যকর হলে ছোট আমানতকারীদের একটি বড় অংশ এই শুল্কের আওতার বাইরে থাকবে।

ব্যাংকাররা বলছেন, সীমা বাড়ানোর সিদ্ধান্ত ক্ষুদ্র সঞ্চয়কারীদের জন্য ইতিবাচক। কারণ ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চার্জ ও করের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে অনীহা তৈরি হয়।