চট্টগ্রামে ৬৩ বিদেশীর পাসপোর্ট জমা রাখা মহসিন গ্রেফতার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ৬৩ বিদেশী নাগরিকের পাসপোর্ট জমা রাখা ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ মহসিন। বাড়ি লক্ষ্মীপুর জেলায়। চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা তিনি। শনিবার খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, গ্রেফতার ৬৩ বিদেশী নাগরিকের সাথে মহসিনের সম্পর্ক রয়েছে। তিনিই আটতলা ভবন তাদের ভাড়া করে দেন। মহসিন কুরিয়ারে ১১৮ গ্রাম কোকেন ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন কয়েক দিন আগে। এগুলো ফেরত আসে। কোকেনের তথ্য খুঁজতে গিয়ে ৬৩ বিদেশী নাগরিকের খোঁজ পাওয়া যায়। মহসিনকে কোকেনের মামলায় শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ বিদেশী নাগরিককে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও খুলশী থানা পুলিশ। তাদের মধ্যে ছিল লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের পাঁচজন, নেপালের একজন ও ভিয়েতনামের একজন নাগরিক। তাদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।