রানীনগরে বিরল রোগে আক্রান্ত দিনমজুর লালমন

Printed Edition

রানীনগর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর রানীনগরের বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন (৩৭) বিরল এমএনডি রোগে আক্রান্ত হয়ে দিনদিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। উন্নত চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা করাতে পারছেন না তিনি ও তার দরিদ্র পরিবার। দুই সন্তানের জনক লালমন এখন দাঁড়াতেও কষ্ট পান, হাত-পায়ের আঙুল শুকিয়ে যাওয়ায় নড়াচড়ার ক্ষমতা দ্রুত কমে যাচ্ছে।

লালমনের মামা আব্দুল মজিদ জানান, রাজশাহী ও ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও ডাক্তাররা জানিয়েছেন, থেরাপির জন্য দুই লাখ টাকা প্রয়োজন। এ টাকা জোগাড় করা লালমনের পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, খোঁজখবর নিয়ে লালমনকে সরকারি পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। লালমনকে সহযোগিতা পাঠাতে যোগাযোগ করতে পারেন (লালমনের মামা আব্দুল মজিদ- ০১৭৮ ৩৮৪২৭৫৯) নম্বরে।