গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ

দিনাজপুরে ৪ লাশ ও রামগঞ্জে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ক্রমাগত হত্যা-ধর্ষণকাণ্ডে নাজুক হচ্ছে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি। বিভিন্ন স্থানে একদিনে জোড়া হত্যাকাণ্ড, চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দলবদ্ধ ধর্ষণ এবং গলায় কোপ দিয়ে ভাই খুনের মতো একের পর এক নৃশংস ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত দুই দিনে দিনাজপুরের চিরিরবন্দর, নবাবগঞ্জ ও বিরল উপজেলা থেকে দুই অজ্ঞাত ব্যক্তিসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ, যা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশ সুপার নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অন্যদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, কুমিল্লা ও খুলনায় আরো চারটি লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অন্যদিকে চট্টগ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলার একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দিনাজপুর : প্রতিনিধির পাঠানো তথ্য অনুসারে, দিনাজপুরে গত দুই দিনে জোড়া হত্যাকাণ্ডসহ চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার জেলার চিরিরবন্দরে পৃথক দু’টি আলোচিত ঘটনার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো: জেদান আল মুসা, পিপিএম। তিনি গত মঙ্গলবার চিরিরবন্দর থানার লক্ষ্মিতলা ব্রিজ সংলগ্ন আত্রাই নদী থেকে উদ্ধার হওয়া দুই অজ্ঞাত ব্যক্তির লাশের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত রহস্য উদ্ঘাটনের নির্দেশ দেন। একইসাথে তিনি নশরতপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় সংঘটিত একটি ধর্ষণ মামলার ঘটনাস্থলও পরিদর্শন করেন। চিরিরবন্দর থানা পুলিশের দ্রুত অভিযানে উক্ত ধর্ষণ মামলার আসামিদের ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

এদিকে নবাবগঞ্জ উপজেলার পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে গ্রামের সেকেন্দার হাজির আমবাগানে লাশটি পড়ে থাকতে দেখে পরিচয় শনাক্ত করে এলাকাবাসী। নিহত গৃহবধূ ওই গ্রামের অরুণ সরকারের স্ত্রী। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এ ছাড়া বিরল উপজেলার ১ নং আজিমপুর ইউনিয়নের রুনিয়া গ্রামে রাব্বি ইসলাম (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ৫টায় স্থানীয় কবরস্থানের পাশে একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়া হয়। সে পার্শ্ববর্তী গ্রামের মো: আজিজুল ইসলামের ছেলে। বিরল থানা পুলিশ এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছে।

লক্ষ্মীপুর : রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, উপজেলার উদয়পুরে অবস্থিত ফরিদ আহমদ ভূঁইয়া অ্যাকাডেমির আবাসিক বিভাগের অষ্টম শ্রেণীর ছাত্র মেহেদী হাসানকে (১৪) মোবাইল চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মেহেদী সোনাপুর বাজারের ব্যবসায়ী জিয়াউর রহমানের ছেলে। স্বজনদের অভিযোগ, বিদ্যালয়ের কয়েকজন সিনিয়র শিক্ষার্থী তাকে বেদম মারধর করার পর তার মৃত্যু হয়। একটি সূত্র দাবি করেছে, তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চাটখিল সরকারি হাসপাতালে নেয়া হয়েছিল। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান এবং রামগঞ্জ থানার ওসি ফিরোজ আলম ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এলাকাবাসীকে আইন নিজের হাতে না নেয়ার আহ্বান জানিয়েছেন।

চট্টগ্রাম : চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, নগরের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলার একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। গত ২১ মে বাকলিয়ার একটি গুদামে এই ঘটনা ঘটে, যা নিয়ে বিক্ষুব্ধ জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষে ৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছিলেন। পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে তদন্ত করে ৪ জুন আদালতে চার্জশিট দাখিল করে। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ উল আলম চৌধুরী মারুফ জানান, অভিযোগপত্র জমার মাত্র ১৩ দিনের মাথায় এবং মাত্র তিন কার্যদিবসের মধ্যে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করে বুধবার চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, জেলার নবীনগরে আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত ১৪ জুন সংঘটিত গোলাগুলির ঘটনায় নিখোঁজ যুবক রিফাতের (২৮) লাশ দুই দিন পর নরসিংদীর করিমপুর এলাকার মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ১৬ জুন মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধারের পর রাতে রিফাতের বোন মুক্তা বেগম সেটি শনাক্ত করেন। মুক্তা বেগমের দাবি, তার ভাইয়ের শরীরে একাধিক গুলির চিহ্ন ও আঘাতের আলামত রয়েছে। নিহত রিফাতের স্ত্রী ও তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নওগাঁ : আত্রাই সংবাদদাতার পাঠানো তথ্য অনুসারে, নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৪৫) নামে এক কলেজ শিক্ষকের মাথায় গুরুতর আঘাতের চিহ্নসহ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নওগাঁ পৌরসভার চকরামচন্দ্র এলাকার বাসিন্দা এবং আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের প্রভাষক ও মক্কা হজ কাফেলার হজ মুয়াল্লিম ছিলেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলস্টেশন থেকে একটি অটোরিকশায় করে নওগাঁ শহরের উদ্দেশে রওনা দেয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার ভোর ৫টার দিকে শাহগোলা রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনরা লাশটি শনাক্ত করেন। আত্রাই থানার ওসি মাহবুব আলম এবং সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রেলওয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

কুমিল্লা : তিতাস সংবাদদাতার তথ্য অনুসারে, উপজেলার কেশবপুর গ্রামে টিউবওয়েল ব্যবহার ও নষ্ট করা নিয়ে বিরোধের জেরে ছোট ভাই রাজিব মিয়ার কোদালের কোপে বড় ভাই মানিক মিয়া (৪২) নির্মমভাবে খুন হয়েছেন। বুধবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী ফাতেমা আক্তার জানান, রাজিব প্রতিদিন তাদের টিউবওয়েলে এসে কাজ করার সময় কলটি নষ্ট করে দিত। বুধবার মানিক তাকে বাধা দিলে রাজিব ক্ষিপ্ত হয়ে মানিককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং কোদাল দিয়ে গলার বাম পাশে দিনটি কোপ দেয়। তিতাস থানার ওসি মমিরুল হক জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা পাঠানো হয়েছে এবং ঘাতক রাজিবকে গ্রেফতারে একাধিক টিম কাজ করছে।

খুলনা : খুলনার পাইকগাছা সংবাদদাতা জানান, উপজেলার উত্তর সলুয়া গ্রামে জিয়াউর মজলিস (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ বাড়ির সামনে একটি শিশু গাছের ডালের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। তিনি মৃত নওয়াব আলী মজলিসের ছেলে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ময়মনসিংহ : গফরগাঁও সংবাদদাতা জানিয়েছেন, উপজেলায় গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে স্বামীর হাত-পা ও চোখ-মুখ বেঁধে গৃহবধূকে (২০) তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা ওই নারীকে পাশের নির্জন স্থানে নিয়ে দুই ঘণ্টা ধরে ধর্ষণ করে এবং পরে তার মায়ের ঘরে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পাগলা থানার ওসি মো: আমিনুল ইসলাম জানান, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীরাই এই কাজ করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে এবং জড়িতদের ধরতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

ঢাকা : এ দিকে নিজস্ব প্রতিবেদকের তথ্য অনুসারে, রাজধানীর বাড্ডা থানাধীন সাঁতারকুল ইয়াসিন নগর এলাকার একটি খালের পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের পচা গলা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতাকল বুধবার দুপুরে দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাড্ডা থানার উপ-পরিদর্শক(এসআই) মাহবুবুল আলম জানান, বাড্ডা থানাধীন ৪২ নং সাঁতারকুল ওয়ার্ডের ইয়াসিন নগর খালের পানিতে ভাসমান অবস্থায় কচুরিপানার মধ্য থেকে এক যুবকের পচাগলা লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।