গণমিছিল-স্মারকলিপি কর্মসূচি

৫ দফা গণদাবিতে কাল আবার মাঠে নামছে জামায়াত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পাঁচ দফা গণদাবি আদায়ে আগামীকাল ১০ অক্টোবরের গণমিছিল এবং ১২ অক্টোবর সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করবে জামায়াতে ইসলামী। এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, আমরা বরাবরই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা গণদাবি উপেক্ষা করে এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে- তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরো জোরদার করতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, দ্বিতীয় দফায় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীসহ দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হবে ইনশাআল্লাহ। এ দুই কর্মসূচি ব্যাপকভাবে সফল করে জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া সুবিচার নিশ্চিত হবে না : অধ্যাপক মুজিবুর

রাজশাহী ব্যুরো জানায়, এ দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া সুবিচার কখনোই নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। গতকাল বুধবার দুপুরের দিকে রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানুষ নিজের স্বার্থ দেখে, কিন্তু ইসলামিক বিধান দেশের প্রতিটি নাগরিকের ভালো থাকার নিশ্চয়তা দেয়। তিনি বলেন, দুনিয়ার কল্যাণের সাথে আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াতে ইসলামী। এ দেশের মানুষের সত্যিকার কল্যাণে ও মুক্তির জন্য ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত এই নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে অবশ্যই জামায়াতে ইসলামীকে বেছে নিতে হবে।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী নির্বাচনে জাতীয় সংসদে কুরআনের আইনকে যারা বিজয়ী করতে চায় তাদেরকে পাঠাতে হবে। জনগণ যদি তা করতে ব্যর্থ হয় তাহলে আবারো দেশ পশ্চাতে অগ্রসর হবে। তিনি বলেন, দেশের মানুষকে কুরআনের আইনের পথে ডাকার জন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। আর আমাদের পাড়ায় পাড়ায় যেসব কমিটির ভাইয়েরা রয়েছেন তাদের দায়িত্ব অত্যন্ত অপরিহার্য। তিনি নিষ্ঠার সাথে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মুণ্ডুমালা পৌর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা নায়েবে আমির মো: মইনুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ডক্টর মো: ওবায়দুল্লাহ্, উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, তানোর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুর রহিম ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুল কাদের প্রমুখ।