কক্সবাজার অফিস
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১৫। এ ছাড়া অপর এক অভিযানে টেকনাফ থেকে তিন কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে।
কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক স ম ফারুক গতকাল গণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তাদের টেকনাফ ক্যাম্পের একটি টিম ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকার ইটসলিং সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন মোহাম্মদ জহিরকে (১৯) আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।
র্যাব জানায়, জহির উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২-এর বাসিন্দা ও রশিদ আহম্মদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে জহির নিজেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছেন। র্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
অপর দিকে র্যাবের আরেকটি টিম শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সূত্রে তথ্য পেয়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপের মাঝের ডেইল এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত মাদক কারবারি একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে এ সময় পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে তিনটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট পাওয়া হয়। প্যাকেটগুলোর প্রতিটির গায়ে ‘এটঅঘণওঘডঅঘএ’ লেখা ছিল। র্যাবের দাবি, প্যাকেটগুলো থেকে মোট তিন কেজি কথিত অ্যামফিটামিন জাতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।



