মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাংস্কৃতিক চর্চার প্রসারে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন শিল্পকলা একাডেমি ভবন। তবে ভবন নির্মাণের পর ছয় বছর পেরিয়ে গেলেও নিয়মিত প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রম এখনো গড়ে ওঠেনি। প্রশিক্ষক বা শিক্ষক নিয়োগে সরকারি বরাদ্দ না থাকায় কার্যত অব্যবহৃত পড়ে আছে ভবনটি।
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির অধীনে উপজেলা শিল্পকলা একাডেমিগুলোতে এখনো স্থায়ী কর্মকর্তা বা প্রশিক্ষকের অনুমোদিত পদ সৃষ্টি হয়নি। বিগত ২০১৮ সালের ১ নভেম্বর মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন করা হয়। বর্তমানে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুধু চিত্রাঙ্কনের একটি কোর্স চালু রয়েছে।
সাহিত্য পরিষদ মতলব উত্তরের চেয়ারম্যান কবি আশিকুজ্জামান বলেন, আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও দক্ষ প্রশিক্ষক না থাকায় একাডেমির মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। স্থানীয় উদ্যোগে মাঝেমধ্যে কার্যক্রম চললেও বরাদ্দের অভাবে তাও স্থায়ী হচ্ছে না। এতে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ সীমিত হয়ে পড়ছে। চাঁদপুর জেলা কালচারাল অফিসার দিতি সাহা বলেন, উপজেলা শিল্পকলা একাডেমিগুলোতে স্থায়ী কর্মকর্তা বা প্রশিক্ষকের অনুমোদিত পদ নেই। উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আগামী দুই-এক মাসের মধ্যে প্রশিক্ষক নিয়োগ দিয়ে চারটি কোর্স চালু করা হবে।



