ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে সুপারভাইজার ও স্বেচ্ছাসেবী নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিতদের কাছে রাজনৈতিক দলীয় প্রত্যয়নপত্র চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম উদ্বেগ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে নির্বাচিত প্রার্থীদের মধ্যে। উপজেলা সূত্রে জানা গেছে, এই শুমারি কার্যক্রমের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৩০ জন শিক্ষিত বেকারের মধ্য থেকে মৌখিক পরীক্ষার পর গত ১০ আগস্ট চারজন সুপারভাইজার ও ৪২ জন স্বেচ্ছাসেবী চূড়ান্ত করা হয়। তবে অভিযোগ উঠেছে, জেলা বিশেষ শাখার (ডিএসবি) মাধ্যমে থানা থেকে তাদের ডেকে রাজনৈতিক দলীয় সম্পৃক্ততার তথ্য ও প্রত্যয়ন চাওয়া হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, থানায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার পর তাদের বিভিন্ন রাজনৈতিক বিষয়ে চাপ দেয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান, তাকে একটি নির্দিষ্ট দলের রাজনীতিতে জড়িত থাকার কথা স্বীকার করতে বলা হয় এবং প্রত্যয়নপত্র না দিলে তালিকা থেকে বাদ দেয়ার হুমকি দেয়া হয়। নজিফা ইয়াসমিন নামের এক সুপারভাইজার বলেন, আমি কোনো রাজনীতির সাথে যুক্ত নই। এই প্রত্যয়ন কার কাছ থেকে নেব, তা-ও বুঝতে পারছি না। স্থানীয়রা এটিকে বৈষম্যমূলক ও অযৌক্তিক হিসেবে দাবি করেছেন। তারা স্বচ্ছতার ভিত্তিতে মেধা ও বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী নিয়োগ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছন।
অভিযোগের বিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নাহিদ হোসেন জানান, বিষয়টি (ডিএসবিকে) তদন্ত করতে দেয়া হয়েছে। প্রশাসন থেকে রাজনৈতিক প্রত্যয়নপত্র চাওয়ার কোনো নির্দেশনা দেয়া হয়নি।



