মিরসরাই বেপজায় শ্রমিক বিক্ষোভ, ছাঁটাই আতঙ্ক

Printed Edition

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বেপজা ইকোনোমিক জোনে অবস্থিত খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডে এইচআর-এডমিন বিভাগের কর্মকর্তা নাহিদা আক্তার মুক্তার পদত্যাগকে কেন্দ্র করে টানা দুই দিন শ্রমিক বিক্ষোভ হয়েছে। শ্রমিকদের একাংশের অভিযোগ, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কিছু কর্মকর্তার আচরণকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কোম্পানি কর্তৃপক্ষ ও বেপজা কর্তৃপক্ষ এসব অভিযোগের বেশির ভাগই অস্বীকার করেছে।

চীনা মালিকানাধীন এ প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় তিন হাজার ৮০০ শ্রমিক কাজ করছেন। বিক্ষোভকারী শ্রমিক রিফাতুল ইসলাম ও মেহেদী হাসান বলেন, অতিরিক্ত সময় কাজ করানো, অসদাচরণ এবং খাবার সরবরাহে অনিয়মের প্রতিবাদ করায় কিছু শ্রমিককে চাকরিচ্যুত করার হুমকি দেয়া হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে কোম্পানির কমার্শিয়াল ম্যানেজার ও দোভাষী মোহাম্মদ জামান উল্ল্যা মোহাম্মদ জামান উল্ল্যা বলেন, ‘এইচআর কর্মকর্তা নাহিদা আক্তার মুক্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সে কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।’

বেপজা ইকোনোমিক জোনের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, স্থানীয় শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে এমন তথ্য পাওয়া যায়নি। তিনি জানান, কর্মরত শ্রমিকদের মধ্যে প্রায় তিন হাজার ১০০ জনই মিরসরাই ও সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।

অন্য দিকে পদত্যাগকারী এইচআর কর্মকর্তা নাহিদা আক্তার মুক্তা দাবি করেন, ‘তিনি বিভিন্ন এলাকা থেকে শ্রমিক এনে প্রতিষ্ঠানের শ্রমিক সঙ্কট দূর করেছিলেন। পরে কিছু কর্মকর্তা প্রায় এক হাজার ৪০০ স্থানীয় শ্রমিককে ছাঁটাইয়ের চাপ সৃষ্টি করেন। এতে বাধা দেয়ায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।’

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেপজা কর্তৃপক্ষ ও কোম্পানি ব্যবস্থাপনা শ্রমিকদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।