নিজস্ব প্রতিবেদক
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমর্যাদার প্রশ্ন জড়িত। এ বিষয়ে কোনো ধরনের গাফলতি সহজভাবে নেয়া হবে না।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আশকোনায় হজক্যাম্পে হজের সার্বিক প্রস্তুতি বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন মন্ত্রী। ধর্মমন্ত্রী বলেন, এ বছরের হজ বর্তমান সরকারের প্রথম হজ। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরো সুষ্ঠু ও সুন্দর করতে হবে।
ধর্মমন্ত্রী আরো বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদেরকে নিজের পরিবারের সদস্যের মতো সেবা দিতে হবে। এ বছরের হজ ব্যবস্থাপনায় যেসব দফতর ও সংস্থা ভালো সেবা দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।
এ সভায় হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দফতরগুলো তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং সুষ্ঠু ও সাবলীল হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দেন।
এ সময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।
এতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাউদিয়া, ফাইনাসসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।



