রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে পাস হওয়া একটি বিলে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে বিচার বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সম্পর্কিত সব ফাইল প্রকাশ করতে। এ সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রে দীর্ঘ দিন ধরে চলা বিতর্ক ও ভুক্তভোগীদের ন্যায়বিচারের দাবির গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বিলটি কংগ্রেসে প্রায় সর্বসম্মতভাবে পাস হয়। ট্রাম্প প্রথমে এ বিলের বিরোধিতা করলেও পরে অবস্থান পরিবর্তন করে স্বাক্ষর করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমরা চাই সত্য প্রকাশিত হোক।’
এপস্টিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘ দিন ধরে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নির্যাতন করেছেন এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে জড়িত থেকে একটি বিশাল অপরাধচক্র পরিচালনা করেছেন। ২০১৯ সালে কারাগারে তার মৃত্যু হলেও এপস্টিনের মৃত্যু ঘিরে নানা প্রশ্ন ও ষড়যন্ত্র তত্ত্ব এখনো বিদ্যমান। নতুন আইনের মাধ্যমে বিচার বিভাগকে ৩০ দিনের মধ্যে এপস্টিন সম্পর্কিত সব নথি প্রকাশ করতে হবে। এতে তার অপরাধ, সহযোগী নেটওয়ার্ক এবং সম্ভাব্য রাজনৈতিক ও সামাজিক প্রভাবশালীদের সম্পৃক্ততার তথ্য থাকতে পারে।
ভুক্তভোগীদের অধিকার রক্ষাকারী সংগঠনগুলো এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এপস্টিনের অপরাধের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশিত হলে ভুক্তভোগীরা ন্যায়বিচারের কাছাকাছি পৌঁছাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সহায়ক হবে। বিশ্লেষকরা বলছেন, এপস্টিন ফাইল প্রকাশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বড় প্রভাব ফেলতে পারে। কারণ এতে বহু প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে।



