ওয়ানডেতে ফিরতে মরিয়া টাইগাররা

বাংলাদেশ-জিম্বাবুয়ে ১ম ওয়ানডে আজ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এ ছাড়া এবারের সফরে সিরিজের একমাত্র টেস্টেও হারের লজ্জা পেয়েছে টাইগাররা। তাই আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ। হারারেতে আজ বেলা ১.৩০ মিনিটে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। সিরিজের পরের দুই ম্যাচ হবে ৯ ও ১১ জুলাই। এরপর ১৫ জুলাই থেকে বুলাওয়েতে তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলবে দু’দল।

২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে সবই সিরিজই ঘরের মাঠে ছিল। তাই জিম্বাবুয়ের মাটিতে সিরিজ হওয়ায়, টাইগারদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ঢের বেশি এগিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। ৮১ ম্যাচ খেলে ৫১টিতে জয় ও ৩০ টিতে হেরেছে টাইগাররা। কিন্তু ২০২২ সালে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ মুখোমুখি হওয়া তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এ ছাড়া গত সপ্তাহে জিম্বাবুয়ের কাছে টেস্ট ম্যাচে শোচনীয়ভাবে হেরে যায় টাইগাররা। ব্যাটার ও বোলারদের ব্যর্থতার ইনিংস ও ৮৫ রানে ম্যাচ হারে বাংলাদেশ। দুই ইনিংসের একটিতেও ২০০ রান স্পর্শ করতে পারেনি টাইগাররা। আর বোলারদের ব্যর্থতায় নিজেদের প্রথম ইনিংসে ৪১০ রান তুলে ম্যাচ জয়ের পথ তৈরি করে জিম্বাবুয়ে।

তাই সর্বশেষ ওয়ানডে সিরিজ ও সদ্য টেস্ট হারের ক্ষত নিয়ে ৫০ ওভারের ক্রিকেটে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে টাইগারদের। তবে ওয়ানডে ফরম্যাটে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। কারণ নিজেদের সর্বশেষ চার সিরিজের সবই জিতেছে বাংলাদেশ।

সফরের একমাত্র টেস্ট ম্যাচটি তৃতীয় দিনে শেষ হওয়ায় ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য বাড়তি দুই দিন সময় পেয়েছে বাংলাদেশ। একমাত্র টেস্টে হারের ভুল নিয়ে কাজ করার পাশাপাশি সাদা বলের সিরিজের জন্যও নিজেদের প্রস্তুতি করছে টাইগাররা। টেস্ট ম্যাচে দলের কয়েকজন মূল পেসারকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে তৌহিদ হৃদয়ের দল।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ী সর্বশেষ ওয়ানডে সিরিজের দল ধরে রেখেছে বাংলাদেশ। শুধু সিরিজের তৃতীয় ওয়ানডের আগে হঠাৎ দলে সুযোগ পাওয়া শেখ মাহেদী হাসান বাদ পড়েন। ইনজুরির কারণে জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে খেলেননি উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও খেলবেন না তিনি।