গোয়ালন্দে এক মাসে ৩ হত্যাকাণ্ড

Printed Edition

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দে এক মাসে তিনটি হত্যাকাণ্ডে নানা অপরাধমূলক ঘটনা ঘটেছে। ছিনতাই, মাদক কারবার ও পারিবারিক দ্বন্দ্বের জেরে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়। এ ছাড়া সাড়ে তিন মাসে পাঁচটি হত্যাকাণ্ড ও নানা অপরাধমূলক ঘটনা সংগঠিত হয়েছে।

জানা যায়, গত ২২ আগস্ট জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে আপন ছোট ভাই মাত্র তিন হাজার টাকা চুক্তিতে দুই কিলার ভাড়া করে আপন বড় ভাইকে হত্যা করেছে। ৮ আগস্ট মাদক বিক্রির টাকা আদায়কে কেন্দ্র করে গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের শাকের ফকির পাড়ার জাবেদ শেখের ছেলে শরিফুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই এক সহপাঠী। এর আগে ১৭ জুলাই উজানচর জবানি পাড়ার জামাল বিশ্বাসের ছেলে জাহিদ বিশ্বাসকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়।

এ ছাড়াও পরকীয়ার জেরে উজানচর ইউনিয়নের চর করনেশন এলাকার আজাদ শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০)কে তার চার বছরের শিশু কন্যাসহ হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল পার্শ্ববর্তী পুকুর পারে কলা বাগানে। গোয়ালন্দ ঘাট থানার ওসি বলেন, সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডগুলো বিচ্ছিন্ন ঘটনা এতে আতংকিত হওয়ার কিছু নেই। ছোটখাটো চুরি ছিনতাই ঘটনা ঘটতেই পারে এগুলো আইনশৃঙ্খলা অবনতি বলা যাবে না।