লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মাদকবিরোধী অভিযানে আটক ১৯

Printed Edition

লালমনিরহাট প্রতিনিধি

মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও সামাজিক সহিংসতার বিরুদ্ধে শুরু হওয়া ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির আওতায় লালমনিরহাটে বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গত রোববার বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার কুলাঘাট, বড়বাড়ী, মোগলহাট ও মহেন্দ্রনগর এলাকায় এই আকস্মিক অভিযান চালানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহম্মেদ জানান, আটককৃতদের মধ্যে ১৬ জনের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি গাড়ি জব্দ করা হয়। অভিযানে আন্দোলনের স্বেচ্ছাসেবক, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা অংশ নেন। ভারতের সীমান্তঘেঁষা হওয়ায় এই জেলায় মাদক ব্যবসা উদ্বেগজনকভাবে বাড়ছিল।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু কাউকে আটক করা নয়; বরং জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। এই আন্দোলনের আওতায় সদর উপজেলার প্রতিটি ওয়ার্ডে ৩১ সদস্যের স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। প্রায় তিন হাজার ১০০ ইউনিফর্মধারী স্বেচ্ছাসেবক প্রশাসনকে সহযোগিতা করছেন। আগামী ১২ জুলাইয়ের মধ্যে মাদক কারবারিদের তালিকা তৈরি করে প্রশাসনের কাছে জমা দেয়া হবে।

গত ৪ জুলাই এই সামাজিক আন্দোলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মাদকের কারণে যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে এর বিরুদ্ধে কাজ করতে হবে। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর উদ্যোগে শুরু হওয়া এই সামাজিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।