ক্রীড়া ডেস্ক
আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপের ৫০তম ম্যাচ। সুপার এইটের নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সুপার এইটের প্রথম দু’টি ম্যাচই হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে শ্রীলঙ্কা। অপর দিকে বৃষ্টির কারণে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে সেমির দৌড় থেকে অনেকটা পিছিয়ে পাকিস্তান।
চলমান টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফরহান। এই টুর্নামেন্টে ২৮৩ রান নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক এই ওপেনার। ভালো অবস্থানে আছেন শ্রীলঙ্কার দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ২০৮ রান নিশাঙ্কা আর ১৯৭ মেন্ডিসের। দুই দলের বোলারদের মধ্যে ১১ উইকেট নিয়ে সবার ওপরে আছেন স্পিনার মহেশ থিকসেনা। এরপর ১০ উইকেট নিয়ে পাকিস্তানের উসমান তারিক। তবে ম্যাচে জয়-পরাজয়কে ছাপিয়ে আলোচনায় ছিল গতকাল ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটি।
সুপার এইট পর্বে গ্রুপ-২-এ নিউজিল্যান্ডের সাথে সেমিফাইনালের দৌঁড়ে টিকে আছে পাকিস্তান। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে দলটি। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। সুপার এইট পর্বের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করে পাকিস্তান। পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হেরে সেমির পথ কঠিন করে ফেলে সালমান আলি আগার দল। তাই ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচের ওপর নির্ভর করছে পাকিস্তানের ভাগ্য। এ ক্ষেত্রে নিউজিল্যান্ড জয়ী হলে সব সমীকরণই শেষ হয়ে যাবে পাকিস্তানের। তখন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেই বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজবে বাবর-আফ্রিদিদের। আর যদি ইংল্যান্ড জয়ী হয়, তাহলে সেমিতে উঠার পথ খোলা থাকবে পাকিস্তানের। সে ক্ষেত্রে প্রথমে শ্রীলঙ্কাকে হারাতে হবে, সেই সাথে বাড়িয়ে নিতে হবে রান রেটও।
সমীকরণ যেমনই হোক না কেন, শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে জিততে চায় পাকিস্তান। অধিনায়ক সালমান আগা বলেন, ‘আমাদের সেমিফাইনাল ভাগ্য ঝুলে আছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের ওপর। তার পরও আমরা শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। সেমিফাইনালে উঠতে না পারলেও জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চাই।’
অপর দিকে সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের কাছে ৫১ রানে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৬১ রানে হারে লঙ্কানরা। টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে আসরের সহ-আয়োজকদের। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন লঙ্কান দলনেতা দাসুন শানাকা, ‘পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আমরা বিশ্বকাপের ইতি টানতে চাই। এ জন্য তিন বিভাগেই সবাইকে পারফরম্যান্স করতে হবে।’
পাল্লেকেলের উইকেট ম্যচের শুরুর দিকে স্ট্রোক খেলার জন্য উপযুক্ত। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে রান তোলা খুবই চ্যালেঞ্জিং। বিশেষ করে মাঝখানের ওভারগুলোতে যখন আক্রমণে আসেন স্পিনাররা। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-২০তে ২৪বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ১৪ জয় নিয়ে এগিয়ে শ্রীলঙ্কা। ১০টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। এবার জয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে দুই দলই।



