বিতর্কিত নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি বিসিবির

Printed Edition

জসিম উদ্দিন রানা

একের পর এক ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করলে গত কয়েকদিন ধরেই উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন, যার নেপথ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। যার শুরুটা হয়েছিল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে। এরপর অন্যান্য ক্রিকেটারকে নিয়েও বিভিন্ন সমালোচনামূলক মন্তব্য করেন তিনি। এসব মন্তব্যের জের ধরে তার ওপর ক্ষিপ্ত হয়ে বিপিএল না খেলার সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা। যার প্রতিক্রিয়ায় ফিন্যান্স কমিটিসহ বিসিবির সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অথচ ক্রিকেটারদের সংগঠন (কোয়াব) সেটি মানেননি। তারা নাজমুল পদত্যাগ না হওয়া পর্যন্ত মাঠে না আসার সিদ্ধান্ত নিলে গতকালের দু’টি ম্যাচই পরিত্যক্ত হয়।

অনেক দর্শকই হোম অব ক্রিকেটের গ্যালারিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাড়ির পথ ধরেন। স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ দর্শকরা ভিতরে ঢুুকতে না পেরে রাস্তার পাশে কিছু বোর্ড ব্যানার ফেস্টুন ভাঙচুর করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ দুই ম্যাচ কবে হবে, বা আদৌ হবে কি না- অনেক প্রশ্নই এ মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। বিসিবির অনুরোধের পরও ক্রিকেটাররা মাঠে না নামায় বোর্ড কঠোর পদক্ষেপ নেয় কি না, এমন প্রশ্নও উঠছে।

যা বলেছেন নাজমুল : মূলত বিতর্কের শুরু হয় বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়কে ঘিরে। বিসিবির এ সিদ্ধান্ত নিয়ে এক অনুষ্ঠানে নিজের মতামত জানিয়েছিলেন তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেয়া উচিত বলে মন্তব্য করেছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। এরপর তামিমের মন্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম লিখেছেন, ‘এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু’চোখ ভরে দেখল।’

এতেই ক্ষ্যান্ত হননি নাজমুল ইসলাম। এরপর গতকাল বিসিবিতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ টি-২০ বিশ্বকাপে না খেললেও বোর্ডের কোনো লাভ-ক্ষতি নেই। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বিশ্বকাপ না খেললে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কি না। পাশাপাশি তিনিও প্রশ্ন তোলেন, ক্রিকেটাররা ভালো না খেললে বোর্ড কি তাদের পেছনে খরচ করা কোটি কোটি টাকা ফেরত চায়? তাহলে তাদেরকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে। এসব বক্তব্য ক্রিকেটারদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

দায়িত্বশীল জায়গায় বসে তার একের পর এক এমন মন্তব্যকে স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা নিজেদের প্রতি এসব বক্তব্যকে অসম্মান হিসেবে গ্রহণ করেছেন। যার ফলশ্রুতিতে সবধরনের ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

পরিত্যক্ত দু’টি ম্যাচই : ক্রিকেটারদের বয়কটের কারণে স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব। সিলেটে ২৪ ম্যাচ হলেও কোনো সমস্যা হয়নি। অথচ ঢাকা পর্বের প্রথম দিনের দু’টি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ ও সন্ধ্যা ছয়টায় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচে মাঠে নামার কথা থাকলেও নির্ধারিত সময় পর্যন্ত দুই দলের কোনো ক্রিকেটার মাঠে আসেননি।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টসের সময় ধারাভাষ্যকার ও ম্যাচ অফিসিয়ালদের মাঠে হাঁটাহাঁটি করতে দেখা গেলেও খেলা শুরুর কোনো লক্ষণ ছিল না। মাঠের সীমানার দড়ি সরিয়ে নেয়া হয় এবং পিচ ঢেকে দেয়া হয়।

অর্থ কমিটির দায়িত্ব নিলেন বুলবুল : অব্যাহতি দেয়া হয়েছে বিসিবির পরিচালক ও অর্থ কমিটির দায়িত্বে থাকা এম নাজমুল ইসলামকে। সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে ক্রিকেটারদের দাবির মুখে সরিয়ে দেয়া হয়েছে তাকে। অর্থ কমিটির দায়িত্ব নিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তারা জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে এবং সংস্থার সর্বোত্তম স্বার্থে, বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে নাজমুল ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদের অধীনে বিসিবি সভাপতির ওপর অর্পিত কর্তৃত্ব অনুসারে এবং বোর্ডের বিষয়গুলোর সুষ্ঠু ও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিসিবি সভাপতি অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভূমিকা পালন করবেন।

বিসিবি আরো জানায়, ক্রিকেটারদের স্বার্থ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ড তার এখতিয়ারের অধীনে সব খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা বজায় রাখতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বিসিবি আশা করছে এ চ্যালেঞ্জিং সময়ে সব ক্রিকেটারই বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবেন।