নির্বাচনের আগে ও পরে মোট পাঁচ দিন সরকারের নির্দেশে জরুরি চিকিৎসার জন্য মেডিক্যাল টিম প্রস্তুত রাখার নির্দেশনা দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদফতর থেকে। এই মেডিক্যাল টিম স্বাস্থ্যের নি¤œস্তর ইউনিয়ন পর্যন্ত গঠন করতে বলা হলেও কোনো কোনো ইউনিয়নে জনবলের অভাবে মেডিক্যাল টিমই গঠন করা যাবে না বলে মাঠপর্যায়ের চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে। এমবিবিএস ডাক্তাররা সরকারি পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকেন। ইউনিয়ন সাব-সেন্টার থাকলেও জনবলের অভাবে ইউনিয়নের এমবিবিএস ডাক্তারদের উপজেলা পর্যায়ে কাজ করতে নিয়ে যাওয়া হয়। একটি মেডিক্যাল টিম কমপক্ষে দু’জন ডাক্তার নিয়ে গঠন করলেও প্রতিটি ইউনিয়নে টিমই গঠন করা সম্ভব হবে না। কারণ, এমন অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে যেখানে তিনজন ডাক্তার দিয়ে কাজ চালানো হয়। সরকারি নির্দেশে উপজেলা পর্যায়ে কমপক্ষে দু’টি মেডিক্যাল টিম গঠন করার কথা বলা হয়েছে। উপজেলায় দু’টি মেডিক্যাল টিম গঠন করতে হলে কমপক্ষে চারজন ডাক্তার প্রয়োজন। সেই চারজন ডাক্তারও কোনো কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকে না।
একটি উপজেলায় কতজন ডাক্তার আছেন এই প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক ডা: আবু হোসেন মো: মঈনুল আহসান নয়া দিগন্তকে বলেন, ‘একটি উপজেলা হাসপাতালে সর্বোচ্চ ১০ জনের বেশি ডাক্তার নেই, তবে ন্যূনতম তিনজন ডাক্তার থাকেন।’ তবে সরকারি ডাক্তারদের পাশাপাশি বেসরকারি হাসপাতাল অথবা ক্লিনিকের ডাক্তারদের মেডিক্যাল টিমে অন্তর্ভুক্ত করতে পারলে হয়তো কোথাও কোথাও দু’জন দিয়ে মেডিক্যাল টিম গঠন করতে পারবে।
স্বাস্থ্য অধিদফতর থেকে নির্বাচন উপলক্ষে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে সরকারি মেডিক্যাল টিম গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগে অতিরিক্ত জনবল রাখারও নির্দেশ দেয়া হয়েছে। প্রতিটি স্বাস্থ্য সংক্রান্ত কার্যালয় ও সিভিল সার্জন অফিসে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলারও নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মেডিক্যাল টিমের কার্যক্রম আজ মঙ্গলবার থেকে শুরু হবে এবং এটা চলবে আগামী শনিবার পর্যন্ত। স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক ডা: আবু হোসেন মো: মঈনুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশটি স্বাস্থ্যসেবা দেয়া হয় এমন সরকারি অফিসে ইতোমধ্যেই পাঠিয়ে দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতর নির্বাচনকালীন প্রতিটি সিটি করপোরেশনের জন্য ছয়টি, বিভাগীয় পর্যায়ে চারটি, জেলা পর্যায়ে তিনটি, উপজেলা পর্যায়ে দু’টি এবং ইউনিয়ন পর্যায়ে একটি মেডিক্যাল টিম গঠনের নির্দেশ দিয়েছে। তবে প্রতিষ্ঠান প্রধান অথবা স্বাস্থ্য প্রশাসককে জনবলের প্রাপ্যতা অথবা প্রয়োজনীয়তার ভিত্তিতে মেডিক্যাল টিমের সদস্য নির্ধারণ করতে বলা হয়েছে।



