নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক, ছিনতাইকারী, মাদককারবারিসহ একদিনে ৪৮৮ জনকে গ্রেফতার করেছে। এ সময়ে ভিন্ন ভিন্ন অপরাধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি জিপগাড়ী, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি পানির মিটার, একটি ল্যাপটপ, দুইটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি মনিটর, ২১টি মোবাইল ফোন, ১৩৫টি সিমকার্ড, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চ পদস্থ ব্যক্তিদের সিল ও স্বাক্ষর সম্বলিত ৪১টি সিল, অফিসিয়াল লেটারহেড প্যাড ৩২০ পাতা, এক কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশী মদ ও ৬০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।
ডিএমপি আরো জানায়, যাত্রাবাড়ী থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে নারীও রয়েছে। অন্য দিকে রমনা থানার হোটেল রাজমনি এলাকায় অভিযান চালিয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট পাঁচ বছর ধরে পলাতক থাকা ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো: দ্বীন ইসলাম মিন্টুকে (৪৪) গ্রেফতার করেছে।
এ ছাড়া মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে মো: ইসমাইল হোসেন (২৬) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ছিনতাই করে আসছিল।



