মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। ডায়রিয়া ওয়ার্ডে নির্ধারিত ২৫টি শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ। একইসাথে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। রোগীদের বেশির ভাগই শিশু ও বয়স্ক পুরুষ কিংবা মহিলা।
গত শুক্রবার সকালে হাসপাতাল ঘুরে দেখা যায়, শিশু ওয়ার্ড ও ডায়রিয়া ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় রোগী বেশি। শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝেতে কিংবা অতিরিক্ত বিছানা পেতে সেখানে চিকিৎসা নিতে হচ্ছে। ঠাণ্ডাজনিত রোগের পাশাপাশি কয়েকজন রোগীর চর্মরোগও দেখা দিয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন গড়ে এ জেলা হাসপাতালের বহির্বিভাগে ও আন্তবিভাগে দেড় থেকে দুই হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন। অনুমোদিত ১৬৪ জন কর্মকর্তা-কর্মচারীর বিপরীতে বর্তমানে চিকিৎসক ও নার্সসহ ১৩৫ জন কর্মরত আছেন। ২৯টি পদ দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে।
ডায়রিয়ায় আক্রান্ত শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, সকালে ভাত খাওয়ার পর বমি শুরু হয়। এরপর ঘন ঘন পাতলা পায়খানা হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) অখিল সরকার বলেন, আবহাওয়ার পরিবর্তন ও বৃষ্টির কারণে ঠাণ্ডাজনিত রোগী কিছুটা বেড়েছে। পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীরাও হাসপাতালে ভর্তি হচ্ছেন। সব ধরনের রোগীকে পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে। রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার পাশাপাশি তরলজাতীয় খাবার ও ডাবের পানি খাওয়ার পরামর্শ দেন তিনি।



