নয়া দিগন্ত ডেস্ক
গোপালগঞ্জে মাদক সেবনের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার দায়ে এক ছেলেকে এবং কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও প্রেমিকসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ আদালত তাদের এ সাজা প্রদান করেন।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বাবা ইসমাইল কাজীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। জানা যায়, ২০২৩ সালের ১৩ মে সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়িতে মাদকসেবী আলীম কাজী বটি হাতে নিয়ে তার বাবাকে গালিগালাজ করেন। বাবা ইসমাইল কাজী গালি দিতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে আলীম তার গলায় কোপ দেন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের অপর ছেলে বাদি হয়ে হত্যামামলা করেন।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, ফুলবাড়ী উপজেলায় পরকীয়ার জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহতের স্ত্রী নুর নাহার, শ্বশুর নুর মোহাম্মদ, শাশুড়ি ছকিনা বেগম ও স্ত্রীর পরকীয়া প্রেমিক গফুর।



