ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্যের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে ডিম ভেঙে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন ঢাকার ধামরাইয়ের প্রান্তিক খামারিরা। গতকাল সোমবার দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ধামরাই পোলট্রি উন্নয়ন সমবায় সমিতির ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে খামারিরা অভিযোগ করেন, পোলট্রি ফিড ও মুরগির ওষুধের দাম ক্রমাগত বাড়লেও করপোরেট প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বাজার নিয়ন্ত্রণের কারণে তারা ডিম ও মুরগির সঠিক মূল্য পাচ্ছেন না। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি করতে গিয়ে প্রান্তিক খামারিরা দেউলিয়া হওয়ার মুখে পড়েছেন। বড় বড় কোম্পানিগুলো সিন্ডিকেট করে তাদের ব্যবসা থেকে তাড়িয়ে দেয়ার চক্রান্ত করছে বলেও দাবি করেন তারা।
ধামরাই পোলট্রি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন আহমেদ বলেন, ফিড ও ওষুধের চড়া দামের কারণে খামার টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। সরকার দ্রুত এই কৃত্রিম সিন্ডিকেট না ভাঙলে এবং পোলট্রি ফিডের দাম না কমালে দেশব্যাপী আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। লোকসানের কারণে এরই মধ্যে অনেকে খামার বন্ধ করে দিয়েছেন বলে জানান খামারি সুজন মাহমুদ।
ধামরাই থানার পরিদর্শক দেবাশীষ সানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলার অবনতি না ঘটিয়ে কর্মসূচি শেষ করার অনুরোধ জানালে খামারিরা মহাসড়ক থেকে সুষ্ঠুভাবে সরে যান।



