হাম ও উপসর্গে মৃত্যু ৯৪৩ জনে পৌঁছেছে

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ফের মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে এই রোগে মোট মৃত্যু ৯৩৮ জনে পৌঁছেছে। সর্বশেষ মারা যাওয়াদের মধ্যে চারজন ঢাকা বিভাগে আর একজন সিলেট বিভাগের। তবে এ সময় কারো নিশ্চিত হামে মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৭ জন। এর মধ্যে ৯৮৬ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৯১ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯০ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছে ৮৯০ শিশু। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৯৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৪৪ জন।

সিলেটে আরো এক শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে এই বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৭১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৭ জন সন্দেহজনক রোগী। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

সর্বশেষ ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১০ মাসের শিশু সাইদুল ইসলাম সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। সবশেষ হিসাবে, বিভাগে চলতি বছরে হাম ও উপসর্গে মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।