স্পেনের মান সম্পর্কে সচেতন ফ্রান্স

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের সেমিফাইনালকে সামনে রেখে কথার লড়াইও জমে উঠেছে স্পেন ও ফ্রান্সের মধ্যে। শেষ চারে ওঠার পর স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল বলেছিলেন, ফ্রান্সের উচিত স্পেনকে ভয় পাওয়া। তবে সেই মন্তব্যকে গুরুত্ব দিলেও ভয় পাওয়ার কোনো কারণ দেখছে না ফরাসিরা; বরং প্রতিপক্ষের শক্তি সম্পর্কে পূর্ণ সচেতন থেকেই নিজেদের সেরাটা দেয়ার প্রস্তুতি নিচ্ছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

মঙ্গলবার রাত ১টায় অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনালে মুখোমুখি হবে দুই ইউরোপিয়ান পরাশক্তি। ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়া স্পেন এবার দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে। অন্য দিকে গত দুই বিশ্বকাপেই ফাইনাল খেলা ফ্রান্স টানা তৃতীয়বারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, স্পেনকে তারা ভয় পাচ্ছেন না। তার ভাষায়, কোনো প্রতিপক্ষকেই ভয় পাওয়ার সুযোগ নেই; বরং নিজেদের সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে এবং ম্যাচের ফল নিজেদের পক্ষে আনার চেষ্টা করতে হবে।

তবে ভয় না পেলেও স্পেনের সামর্থ্য সম্পর্কে কোনো ধরনের অবমূল্যায়ন করছে না ফরাসি শিবির। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে লা রোজারা। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে একমাত্র গোলটি হজম করলেও তাদের রক্ষণভাগ ছিল প্রায় অভেদ্য। একই সাথে ইউরো ২০২৪ এবং নেশনস লিগের সেমিফাইনালে স্পেনের কাছে হারের স্মৃতিও এখনো টাটকা ফ্রান্সের কাছে।

কোনাতে মনে করেন, স্পেনের শক্তি শুধু লামিন ইয়ামাল নন, পুরো দল। তার মতে, প্রতিপক্ষের দলে বেশ কয়েকজন দুর্দান্ত ফুটবলার রয়েছেন। তাই শুধু ইয়ামালকে ঘিরে পরিকল্পনা করলে চলবে না, পুরো দলকে নিয়েই কৌশল সাজাতে হবে।

বিশ্বকাপে ফ্রান্সের ধারাবাহিক সাফল্যের কথাও মনে করিয়ে দিয়েছেন কোনাতে। গত সাতটি বিশ্বকাপের মধ্যে চারবার ফাইনালে খেলেছে ফরাসিরা। এবারও তাদের লক্ষ্য পঞ্চমবারের মতো ফাইনালে ওঠা। তবে এত দূরের হিসাব এখনই কষতে নারাজ তিনি। তার মতে, সেমিফাইনালের আগে ভবিষ্যতের কথা ভেবে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। দল আপাতত সম্পূর্ণ মনোযোগ দিচ্ছে স্পেন ম্যাচেই।

ফ্রান্সের আরেক সেন্টার-ব্যাক ম্যাক্সেন্স ল্যাক্রোইক্সও একই সুরে কথা বলেছেন। তার মতে, ‘ভয়’ শব্দটি ব্যবহার করার প্রয়োজন নেই, তবে স্পেনের মান সম্পর্কে তারা পুরোপুরি সচেতন। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র ছাড়া টুর্নামেন্টে বাকি সব ম্যাচ জিতেছে স্পেন। ফলে প্রতিপক্ষকে যথাযথ সম্মান দিয়েই মাঠে নামবে ফ্রান্স। তবে তাদের একমাত্র লক্ষ্য জয় নিশ্চিত করা।

বিশেষ করে লামিন ইয়ামালকে ঘিরে আলাদা পরিকল্পনার কথাও জানিয়েছেন ল্যাক্রোইক্স। তরুণ এই উইঙ্গার প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যস্ত রেখে সতীর্থদের জন্য জায়গা তৈরি করতে দারুণ দক্ষতা দেখিয়েছেন পুরো টুর্নামেন্টে। তাই তাকে থামাতে সেরা রক্ষণাত্মক পরিকল্পনাই কাজে লাগাবে ফ্রান্স।