দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শহরসংলগ্ন করতোয়া নদী ক্রমেই বাজারের আবর্জনা ফেলার ভাগাড়ে পরিণত হচ্ছে। প্রতিদিন কাঁচাবাজারের মুরগির বর্জ্যসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা নদীতে ফেলার কারণে পানির মারাত্মক দূষণ হচ্ছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি জনস্বাস্থ্যও চরম ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ শহরের কাঁচাবাজারের একাধিক অসচেতন দোকানি ও ব্যবসায়ী নিয়মিতভাবে নদীর পাড়ে কিংবা সরাসরি করতোয়ার পানিতে বর্জ্য ফেলছেন। বিশেষ করে রাতের আঁধারে করতোয়া সেতুর ওপর থেকে মুরগির বর্জ্য ও অন্যান্য আবর্জনা ফেলার প্রবণতা বেশি। দীর্ঘ দিন ধরে এ অনিয়ম চললেও কার্যকর তদারকি না থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘বাজারের ব্যবসায়ীদের জন্য ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। এরপরও কেউ নদীতে ময়লা ফেললে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ব্যবসায়ীদের সাথে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।’



