রয়টার্স
ইউক্রেনীয় ড্রোন হামলার মুখে রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান চারটি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানবন্দরগুলোতে আবার ফ্লাইট কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ।
জানা গেছে, সোমবার ভোরে মস্কোর দিকে ধেয়ে আসা ৫৯টি ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করেন। রাশিয়ার বিমান পরিবহন তদারকি সংস্থা জানিয়েছে, শেরেমেতিয়েভো, দোমোদেদোভো, ভনুকোভো ও ঝুকভস্কি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত থাকার পর স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে তা আবার চালু হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চল এবং ইউক্রেনের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকাগুলো মিলিয়ে মোট ৩০১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটি মস্কোতে অন্যতম বড় আকাশ হামলা। এর কয়েক দিন আগেই মস্কোর একমাত্র তেল শোধনাগারেও ড্রোন হামলা চালানো হয়েছিল।
নিয়ন্ত্রণহীন এই সঙ্ঘাতের জেরে ইউক্রেনের অভ্যন্তরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্যমতে, রুশ ড্রোন হামলায় একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হলে এক মিসরীয় নাবিক নিহত হন। এ ছাড়া ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে ড্রোন হামলায় ১৩ বছর বয়সী এক কিশোর, তার বাবা ও দাদি নিহত হয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে পৃথক এক ড্রোন হামলায় এক নারী নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইভান ফেদোরভ। অন্য দিকে, রোববার সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা অঞ্চলের একটি কৃষি স্থাপনায় রাশিয়ার ছোড়া একটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও তিনজন আহত হন।



